সানার একটি তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট হামলা চালানোর মাত্র কয়েক ঘণ্টার মাথায় পূর্ব অঞ্চলের শহর দহরানে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে হুথিরা।সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএকে দেওয়া এক বিবৃতিতে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবারের এ হামলায় সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার দিনের শুরুতে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক সতর্কবার্তায় সৌদির তেল স্থাপনাগুলোকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ আখ্যা দিয়ে এগুলোর আশপাশে থাকা সব কর্মচারী ও বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানান। এর কিছুক্ষণ পরই আরামকোর সদর দপ্তরে এই হামলা চালানো হলো।ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানার ইয়েমেনি অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের আদেশের প্রতিক্রিয়ায় হুথিদের এই হুঁশিয়ারি আসে।জোটের এই আদেশের জবাবে হুথি মুখপাত্র জানান, সানায় যেকোনো ধরনের বিমান হামলা চালানো হলে সৌদি রাজধানী রিয়াদে এর ‘কঠোর ও বেদনাদায়ক’ জবাব দেওয়া হবে।এদিকে এসপিএ জানিয়েছে, রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে সৌদি আরব। সৌদি সিভিল ডিফেন্সের মুখপাত্রের বরাত দিয়ে এসপিএ জানায়, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের টুকরো নিচে পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।সানার তেল স্থাপনায় হামলাসৌদি জোটের পক্ষ থেকে খালি করার নির্দেশ দেওয়ার পরপরই সানায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান আল জাজিরার মাঠপর্যায়ের প্রতিনিধিরা। হুথি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো জানায়, সৌদির নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় রাজধানীর আল-সাবাহ এলাকার একটি তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।হুথি কর্মকর্তারা অবশ্য আগেই এই হামলার আশঙ্কা করেছিলেন। তেল কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মজুতাগারগুলো আগেই খালি করা হয়েছিল, তাই এই হামলার কারণে সাধারণ মানুষের জন্য জ্বালানি সরবরাহ বা মজুতে কোনো প্রভাব পড়বে না।তবে ঘাটতির আশঙ্কায় নগরের পেট্রল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।আল জাজিরার প্রতিনিধি ইউসেফ মাওরি বলেন, ‘রাজধানী সানার এই কেন্দ্রীয় তেল স্টেশনে বিমান হামলার পরপরই আমরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই।’তিনি আরও জানান, সৌদি আরব লোহিত সাগরের রাস ঈসা বন্দরেও বিমান হামলা চালিয়ে জ্বালানি তেলের ট্যাংক ধ্বংস করেছে এবং হুথি নিয়ন্ত্রিত হোদাইদাহ প্রদেশের একটি তেল কেন্দ্রে আঘাত হেনেছে।সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি অভিযোগ করে বলেন, হুথিরা এই স্থাপনা ও এর ভূগর্ভস্থ জ্বালানি ডিপোকে নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের কাজে ব্যবহার করছিল।বিস্ফোরণের ঘটনার পর হুথি মুখপাত্র জানান, ইয়েমেনি যোদ্ধারা সানায় সৌদি জোটের অনুগত বাহিনীর মুখোমুখি লড়াই করছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সারি সতর্ক করে বলেন, সৌদি জোট সানায় আক্রমণ অব্যাহত রাখলে খালি করার নির্দেশ দেওয়া অঞ্চলগুলোতে হামলা চালানো হবে।মঙ্গলবার দহরানের আরামকো সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে অবস্থিত আরামকোর একটি তেল শোধনাগার থেকে সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।বিমানবন্দরে হামলাগত শনিবার রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন, যা বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির স্থায়িত্বকে নাড়া দিয়েছে। এরপর রোববার একই বিমানবন্দরে আরেকটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও একজন নিহত ও ১১ জন আহত হন।এই প্রাণঘাতী হামলার পর এয়ার ফ্র্যান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেল্টা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজসহ বিশ্বখ্যাত বহু আন্তর্জাতিক বিমানসংস্থা সৌদি আরব ও তার প্রতিবেশী দেশগুলোতে ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি আরব মঙ্গলবারও হুথিদের একের পর এক আক্রমণের মুখে পড়ে। রিয়াদের উত্তরাঞ্চলে আরও তিনটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে জোট বাহিনী।আমেরিকা ও ইরানের মধ্যে আঞ্চলিক উত্তেজনার জেরে গত সপ্তাহ থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় বিমান হামলার পর হুথি মুখপাত্র আবার দেশটির অন্যান্য বিমানবন্দরগুলোতে সতর্কবার্তা জারি করেছেন।এসপিএ জানায়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হুথিদের এই ক্রমাগত হামলার জন্য তাদের ‘চড়া মাশুল’ দিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।মার্কিন প্রতিক্রিয়ামঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলেন, হুথিরা ‘খুবই বাজে আচরণ’ করছে। তিনি সাংবাদিকদের জানান, সৌদি আরবের স্বার্থ সুরক্ষায় ইয়েমেন ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে হস্তক্ষেপ করার অনুরোধ জানাতে পারেন।ট্রাম্প বলেন, ‘আমার বিশ্বাস, আমি বললে প্রেসিডেন্ট এরদোগান এটি করবেন।’‘ডন অব ইয়েমেন’ ও লড়াই বৃদ্ধিগত মাসে কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা হুথিরা দখল করার পর সৌদি আরব নতুন করে হামলা শুরু করে। এর অংশ হিসেবে ইয়েমেন সরকারের পালটা অভিযান ‘ডন অব ইয়েমেন’-এ বিমান সহায়তা দিচ্ছে রিয়াদ।আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের অনুগত বাহিনী জানায়, মঙ্গলবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথিদের বিভিন্ন ঘাটি ও সামরিক সরঞ্জাম লক্ষ্য করে একযোগে বিমান হামলা চালানো হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়, তায়েজ গভর্নরেটে মোট নয়টি বিমান হামলা চালানো হয়েছে, যার মধ্যে ডুবাব জেলায় পাঁচটি এবং আল-মাসরাখ জেলায় চারটি হামলা অন্তর্ভুক্ত।ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম কেন্দ্র জানায়, তায়েজের দক্ষিণে আল-শাগাব এলাকায় সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে তীব্র মুখোমুখি লড়াই চলছে।হিউম্যান রাইটস অর্গানাইজেশন ‘ইয়েমেনি নেটওয়ার্ক ফর রাইটস অ্যান্ড ফ্রিডম’ মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় তায়েজে হুথিদের গোলাবর্ষণে পাঁচ বছরের এক শিশুসহ অন্তত পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত সাতটি ঘরবাড়ি। গত একদিনেই হুথিরা তায়েজজুড়ে ১৮০টির বেশি গোলা নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে সংস্থাটি।হুথিদের অগ্রযাত্রাগত সেপ্টেম্বর মাসে মোখা অভিমুখে আকস্মিক স্থল অভিযান চালিয়ে রণকৌশলগত গুরুত্বপূর্ণ ওই বন্দরনগরী থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দেয় হুথিরা। একই মাসে ইয়েমেনের পশ্চিম উপকূল এবং বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ নেয় গোষ্ঠীটি, যার মধ্যে প্রণালিতে অবস্থিত কৌশলগত মায়্যুন দ্বীপও রয়েছে।ইয়েমেনে সংঘাত ক্রমেই মারাত্মক আকার ধারণ করায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) সভাপতি মিরজানা স্পোলজারিক গভীর উদ্বেগ প্রকাশ করে সব পক্ষকে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন।এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইয়েমেনের এডেন ও সানাসহ বিভিন্ন অঞ্চলে হু হু করে বাড়ছে মৃত্যু, বাস্তুচ্যুতি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি। মধ্যপ্রাচ্যজুড়ে বারবার ধ্বংস হচ্ছে বেসামরিক অবকাঠামো, ঝরছে বিপুল প্রাণ।’জাতিসংঘের হিসাব অনুযায়ী, আগস্ট থেকে এ পর্যন্ত ইয়েমেনে অন্তত ৪৬ জন সাধারণ মানুষ নিহত এবং ১৩০ জনের বেশি আহত হয়েছেন, যাদের একটি বড় অংশ শিশু। এ ছাড়া সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
১১ ঘন্টা আগে
ভারতের দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার ঠিক এক দিন পরই সেখানে আকস্মিক বিক্ষোভ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে দলটির নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসের নেতৃত্বে একদল কর্মী লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে ভেতরে প্রবেশ করে প্রতিবাদ জানান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের আটক করে দিল্লি পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের শেয়ার করা একটি ভিডিওতে এই আকস্মিক বিক্ষোভের দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হাতে দলের পতাকা নিয়ে রানকা ও দাসসহ বেশ কয়েকজন কর্মী গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করছেন এবং ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় এবং পরে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।রিয়াদ বিমানবন্দর ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ, বাতিল শত শত ফ্লাইটএই ঘটনার পর কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে লেখেন, “আপনারা প্রতিরোধকে কখনোই নিষিদ্ধ করতে পারবেন না।”দিল্লির অত্যন্ত নিরাপত্তাসংবেদনশীল এলাকায় অবস্থিত যন্তর মন্তর দীর্ঘকাল ধরে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন একটি কমিটির সুপারিশে যন্তর মন্তরে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করে দিল্লির রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নতুন বিক্ষোভস্থল হিসেবে নির্ধারণ করা হয়েছে।নিষেধাজ্ঞার পর গত ১০ অক্টোবর থেকেই যন্তর মন্তরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে দিল্লি পুলিশ। ওই দিন সিজেপি সেখানে বিক্ষোভের ডাক দিলেও, সকালে দিল্লিতে পৌঁছানোর পরপরই বিমানের ভেতর থেকে দলের শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়েছিল।এছাড়া গত শনি ও রোববার দিল্লির বিভিন্ন সড়কে বিক্ষোভ ও পুলিশের ধরপাকড় ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়, যেখানে হাজারো বিক্ষোভকারীকে আটক করা হয় বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
১ দিন আগে
২০২৬ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন অর্থনীতিবিদ রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ড। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কার্যকর নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানঅর্থনীতিতে মন্দা ও দ্রুত প্রবৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের জন্য কার্যকর নীতি প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে রবার্ট ই. হল ও মাইকেল উডফোর্ডের গবেষণা সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ এবং নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।অর্থনৈতিক মন্দার সময় সাধারণত সুদের হার কমানো এবং সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে বাজারে চাহিদা বাড়ানোর চেষ্টা করা হয়। অন্যদিকে, অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো ও সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ নেওয়া হয়। প্রায় এক শতাব্দী আগে জন মেনার্ড কেইনসের অর্থনৈতিক তত্ত্বের পর থেকেই এ ধরনের স্থিতিশীলতামূলক নীতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তবে ১৯৭০-এর দশকে তেলসংকটের সময় প্রচলিত কেইনসীয় মডেলগুলোর কার্যকারিতা নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দেয়। ওই সময় পশ্চিমা দেশগুলো নিম্ন অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ বেকারত্ব ও লাগামহীন মূল্যস্ফীতির মতো সমস্যার মুখোমুখি হয়। ফলে অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রচলিত নীতিগুলোর সীমাবদ্ধতা নতুন করে আলোচনায় আসে।সামষ্টিক অর্থনীতির মডেলে নতুন দৃষ্টিভঙ্গিএই প্রেক্ষাপটে হল ও উডফোর্ড অর্থনৈতিক মডেলকে আরও বাস্তবসম্মত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের গবেষণায় মূল্যস্ফীতি, উৎপাদন ও ভোগের মতো সামগ্রিক অর্থনৈতিক সূচকের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের সিদ্ধান্তকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।তাদের প্রস্তাবিত মডেলগুলো ক্ষুদ্র অর্থনীতির নীতির সঙ্গে সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণকে যুক্ত করে। ফলে মানুষ কীভাবে সঞ্চয় করে, কতটা ব্যয় করে কিংবা প্রতিষ্ঠানগুলো কীভাবে পণ্যের মূল্য নির্ধারণ করে—এসব সিদ্ধান্ত সামগ্রিক অর্থনীতিতে কী প্রভাব ফেলে, তা আরও ভালোভাবে বোঝা সম্ভব হয়।ভবিষ্যৎ প্রত্যাশা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণহল ও উডফোর্ডের গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠান শুধু বর্তমান পরিস্থিতি নয়, ভবিষ্যতের সম্ভাবনাও বিবেচনা করে।সরকার ও কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ পরিকল্পনার ঘোষণা দিয়ে মানুষের প্রত্যাশাকে প্রভাবিত করতে পারে। এর ফলে ভোগ, বিনিয়োগ ও মূল্য নির্ধারণের সিদ্ধান্তে পরিবর্তন আসে, যা শেষ পর্যন্ত অর্থনীতির সামগ্রিক পরিস্থিতিকে প্রভাবিত করে।অর্থনীতিতে নোবেল পুরস্কারবিষয়ক কমিটির চেয়ারম্যান জন হাসলারের মতে, হল ও উডফোর্ডের গবেষণা বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের ব্যবহৃত অর্থনৈতিক মডেলগুলোর জন্য শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছে। জ্বালানির দামের আকস্মিক বৃদ্ধি কিংবা পরিবারের ভোগব্যয়ে বড় ধরনের পরিবর্তনের মতো অর্থনৈতিক ধাক্কা মোকাবিলায় এসব মডেল নীতিনির্ধারকদের সহায়তা করতে পারে।গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনজন২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট। উদ্ভাবন কীভাবে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেয়, সে বিষয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে তারা পুরস্কারটি অর্জন করেন।নোবেল পুরস্কারের ইতিহাস ও প্রদানপ্রক্রিয়াসুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি দিতে তিনি নিজের সম্পদ এ পুরস্কারের জন্য উৎসর্গ করেন। প্রাথমিকভাবে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা ছিল। পরবর্তীকালে অর্থনীতিতে পুরস্কার যুক্ত হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।প্রতিবছর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বিভাগে পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে। চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল পুরস্কার সুইডেনের স্টকহোমে প্রদান করা হয়। অন্যদিকে, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।
২ দিন আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১২ সাংবাদিককে আটক করেছে দিল্লি পুলিশ। আটক সাংবাদিকদের মধ্যে হিন্দুস্তান টাইমসের সহযোগী সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান’-এর একজন প্রতিবেদকও রয়েছেন।রোববার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) ডাকা বিক্ষোভের খবর সংগ্রহের সময় সাংবাদিকদের আটক করা হয়। এ ঘটনায় সাংবাদিকদের সঙ্গে পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।হিন্দুস্তানের ২৭ বছর বয়সি আশিস সিং জানান, বেলা আড়াইটার দিকে আরকে আশ্রম মার্গ এলাকায় বিক্ষোভের খবর সংগ্রহ করার সময় পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং তিনি আহত হন। তার গলায় সংবাদমাধ্যমের পরিচয়পত্র থাকলেও পুলিশ তা আমলে নেয়নি বলে অভিযোগ করেন তিনি।আশিস বলেন, ‘আমি ক্যামেরায় আটকের ঘটনাগুলো ধারণ করছিলাম। এ সময় পুলিশ আমাকে ধাক্কা দিতে শুরু করে। তারা কোনো একটি ধারালো বস্তু দিয়ে আমাকে আঘাতও করে, সম্ভবত আঙুলে পরা বিশেষ ধরনের ধাতব বস্তু দিয়ে। আমি বারবার বলেছি, আমি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদক। পরিচয়পত্রও দেখিয়েছি। কিন্তু তারা আমার কথা শোনেনি।’পরে এক আলোকচিত্রীর সঙ্গে তাকে জোর করে একটি বাসে তোলা হয়। আশিসের দাবি, তিনি বিক্ষোভকারীদের কাছ থেকে দূরে ছিলেন এবং পুলিশের দায়িত্ব পালনে কোনো বাধাও সৃষ্টি করছিলেন না। তারপরও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।এদিকে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ‘দ্য হিন্দু’র এক নারী প্রতিবেদককেও সাময়িকভাবে আটক করা হয়। তাকে ধাক্কা দিয়ে একটি বাসে তোলা হয়েছিল। তবে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রতিবাদ জানালে তাকে ছেড়ে দেওয়া হয়।ওই প্রতিবেদক কনট প্লেসে বলেন, ‘আমি নিজের ভিডিও ধারণ করছিলাম। এ সময় পুলিশ সদস্যরা এসে আমাকে জিজ্ঞাসা করতে থাকেন, আমি কী করছি। এরপর তারা আমাকে আটক করেন। সংবাদমাধ্যমের কর্মীদের কীভাবে আটক করা যায়?’তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
২ দিন আগে