৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৫তম বিসিএস পরীক্ষা-২০২২-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে চাকরি করবেন।৪৫তম বিসিএস নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। ২০২৩ সালের মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৮ জুলাই থেকে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।সবশেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) চূড়ান্ত ফলাফল প্রকাশ করে, যেখানে ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। চূড়ান্ত সুপারিশের ১০ মাসেরও বেশি সময় পর বুধবার চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করা হলো।৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পেয়েছেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল পিএসসি।
১৯ ঘন্টা আগে
রাজধানীর পুরান ঢাকায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সাপ্তাহিক বর্তমান সময়ের বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।১৩ অক্টোবর ঐতিহ্যবাহী লালবাগ কেল্লার বিপরীতে লালবাগ ওয়াটার গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।বর্তমান সময়ের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী আব্দুস সামাদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা সম্পাদক মো. মামুন শাহরিয়ারের পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হামিদুর রহমান হামিদ।উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল চৌধুরী এবং দেশ- বিদেশ খ্যাত ল্যাপারোস্কপি সার্জন অধ্যাপক ডা. আনহারুর রহমান।আরও উপস্থিত ছিলেন (লাগবাগ) ২৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা তাসাদ্দেক হোসেন বাবলু, ২৪ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা হাজী শফিউদ্দিন আহমেদ সেন্টু, ২৯ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা সাঈদ হাসান মিন্টু, বাংলাদেশ মনিহারি বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. সাবের, ওল্ড ঢাকা ইয়ুথ ক্লাবের সভাপতি হাজী মো. রাশেদ হাসান এবং আলাউদ্দিন আগ্রো ফুড প্রোডাক্টের কর্ণধার হাজী মো. মারুফ আহমেদ আপেল, বর্তমান সময়ের বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এম হাফিজ।অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যগণ ও বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বক্তারা বর্তমান সময়ের বাংলাদেশ-এর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে পত্রিকাটির উত্তরোত্তর উন্নতি আশা করেন। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্পাদক ও প্রধান সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সম্পাদক ও প্রকাশকের মাতাকে শ্রেষ্ঠ মা ও পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
১ দিন আগে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর মোট ৩২১ জনের মৃত্যু হলো।এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন এক লাখ পাঁচ হাজার ৩১৬ জন।বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছরের নিচে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৮ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৫, রাজশাহীতে ২৩, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ২৫ হাজার ৬৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন।
১ দিন আগে
ফারজানা রুপার পক্ষে লড়ার জন্য যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দিতে বাংলাদেশ বার কাউন্সিলের কাছে আবেদন জানানো হয়েছে। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারাধীন রয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিযুক্ত আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিব বরাবর এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেন।আবেদনে বলা হয়, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবী জোনাথন প্রাইস কেসি এবং নিকিলা কৌশিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়ানোর অনুমতি চেয়ে গত ১ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিলে ই-মেইলের মাধ্যমে আবেদন করেছেন।আবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ১১(৮) ধারা অনুযায়ী, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এ যা-ই থাকুক না কেন, বার কাউন্সিলের পূর্বানুমতি সাপেক্ষে ট্রাইব্যুনাল কোনো বিদেশি আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দিতে পারেন।এই অনুমতি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া আটকে রাখা যাবে না। ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিদেশি আইনজীবীর উপস্থিতির জন্য বার কাউন্সিলের অনুমতি নেওয়া একটি আবশ্যক পূর্বশর্ত।ফারজানা রুপা বর্তমানে আইসিটি-বিডি মামলা নম্বর ০৫/২০২৬-এর আওতায় আটক রয়েছেন। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে।মামলার কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে বিধায় জরুরি ভিত্তিতে এই বিদেশি আইনজীবীদের ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদনের সঙ্গে ফারজানা রুপার পক্ষে দেওয়া ওকালতনামা এবং ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীর পাঠানো ই-মেইল ও মূল আবেদনের অনুলিপিসহ তাদের জীবনবৃত্তান্ত সংযুক্ত করা হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত পদক্ষেপ নিয়ে ওই দুই বিদেশি আইনজীবীকে অনুমতি দেওয়ার ব্যবস্থা গ্রহণের জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
১ দিন আগে